আজকাল চারপাশটা কেমন যেন বড্ড বেশি সাদাসিধে হয়ে গেছে। ইন্টেরিয়র ডিজাইনের ম্যাগাজিন খুললেই চোখে পড়ে ধবধবে সাদা দেয়াল, ধূসর সোফা আর একদম ফাঁকা ঘর। একেই নাকি বলে ‘মিনিমালিজম’। মডার্ন হতে গিয়ে আমরা অনেকেই আমাদের ঘরবাড়িকে এত বেশি ‘মিনিমাল’ বা ছিমছাম করে ফেলছি যে, মাঝে মাঝে নিজের ঘরকেই আর ঘর মনে হয় না। মনে হয় যেন কোনো ক্লিনিক বা শোরুমে বসে আছি।
প্রশ্ন হলো, এই অতিরিক্ত সাদামাটা ভাব কি আসলে আমাদের মনে শান্তি আনছে, নাকি আমাদের জীবনটাকেই ফ্যাকাশে করে দিচ্ছে?
একটু চোখ বন্ধ করে নিজের ছোটবেলার কথা ভাবুন তো। আমাদের নানি-দাদির ঘরগুলো কি এমন ফ্যাকাশে ছিল? একদমই না। সেখানে হয়তো আজকের মতো দামি ইতালিয়ান মার্বেল ছিল না, কিন্তু ছিল প্রাণের ছোঁয়া। লাল সিমেন্টের মেঝে (Red Oxide), জানলায় সবুজ খড়খড়ি, বিছানায় নকশি কাঁথা আর আলমারির মাথায় সাজানো মাটির পুতুল। সেই ঘরগুলোতে একটা উষ্ণতা ছিল। একটা গল্প ছিল।
আমাদের ছোটবেলায় ঘর মানেই ছিল রঙ। সেই অগোছালো কিন্তু রঙিন ঘরগুলোতে আমরা যতটা 'জীবন্ত' অনুভব করতাম, আজকের এই নিখুঁত সাদা ফ্ল্যাটগুলোতে কি সেই অনুভূতিটা পাই? আমার মনে হয় না।
বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ভিজ্যুয়াল হাঙ্গার’ বা চোখের ক্ষুধা। আমাদের মস্তিষ্ক প্রকৃতি থেকেই বৈচিত্র্য পছন্দ করে। জঙ্গল, নদী বা আকাশের দিকে তাকালে আমরা কি এক রঙের কোনো ক্যানভাস দেখি? না। আমরা দেখি হাজারো রঙের খেলা, টেক্সচার আর আলো-ছায়ার মিশেল।
যখন আমরা চারপাশ থেকে সব রঙ আর টেক্সচার সরিয়ে ফেলি, তখন আমাদের মস্তিষ্ক বোর হয়ে যায়। একে বলা হচ্ছে ‘স্যাড বেইজ’ (Sad Beige) বা দুঃখী বেইজ সিনড্রোম। দিনশেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে আপনি কি একটা ল্যাবরেটরির মতো সাদা ঘরে শান্তি পান, নাকি এমন একটা কোণ খুঁজছেন যেখানে একটু উষ্ণতা আছে?
কেইলো ষ্টুডিও-তে আমরা বিশ্বাস করি, মডার্ন হওয়ার জন্য সব রঙ মুছে ফেলার দরকার নেই। আমাদের দর্শন হলো ‘New Bengal Modernism’। এর মানে হলো শিকড়ের সাথে আধুনিকতার মেলবন্ধন।
মিনিমালিজম মানে শুধু সাদা দেয়াল নয়। মিনিমালিজম হতে পারে বর্ষার আকাশের মতো গভীর ধূসর, হতে পারে পোড়ামাটির মতো লালচে বা কৃষ্ণচূড়ার মতো উজ্জ্বল। আমাদের প্রজেক্টগুলোতে আমরা চেষ্টা করি সেই ‘অ্যাটমোস্ফিয়ার’ বা আবহ তৈরি করতে। রঙ এখানে চড়া নয়, বরং বৃষ্টির দিনের মতো স্নিগ্ধ।
আপনার ঘরকে আবার জীবন্ত করে তুলতে খুব বেশি খরচের প্রয়োজন নেই। শুধু দরকার একটু সাহস আর নিজের ভালোলাগাকে প্রাধান্য দেওয়া।
১. টেক্সচারের ব্যবহার: দেয়াল সাদা রাখলেও আসবাবপত্রে আনুন বৈচিত্র্য। বেতের মোড়া, হাতে বোনা শতরঞ্জি বা পাটের রাগ ব্যবহার করুন। এগুলো ঘরে একটা ‘আর্থি’ বা মাটির ছোঁয়া নিয়ে আসে যা আমাদের প্রশান্তি দেয়।
২. আলোর খেলা: ফ্ল্যাট সাদা টিউব লাইট বন্ধ করে দিন। ব্যবহার করুন ওয়ার্ম বা উষ্ণ আলোর ল্যাম্প। Caelo Studio-তে আমরা বলি, আলো শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য।
৩. স্মৃতির প্রদর্শনী: ঘর সাজান আপনার স্মৃতি দিয়ে। দামি শোপিসের চেয়ে অনেক বেশি সুন্দর হলো আপনার কোনো ভ্রমণে কুড়িয়ে পাওয়া একটা পাথর বা প্রিয় মানুষের দেওয়া হাতে লেখা চিঠি।
৪. গাছ আর প্রকৃতির রঙ: ঘরে সবুজের কোনো বিকল্প নেই। এক কোণে একটা বড় ইনডোর প্ল্যান্ট বা বারান্দায় একগুচ্ছ মানিপ্ল্যান্ট আপনার ঘরের একঘেয়েমি কাটাতে যথেষ্ট।
জীবনটা খুব ছোট। এটাকে ফ্যাকাশে দেয়ালের মাঝে বন্দি করে রাখবেন না। মিনিমালিজম ভালো, কিন্তু তা যেন আপনার জীবনের আনন্দ শুষে না নেয়। আসুন, আমরা আমাদের ঘরগুলোকে আবার একটু রঙিন করি। একটু অগোছালো হোক, কিন্তু তাতে যেন প্রাণের স্পন্দন থাকে।
কারণ দিনশেষে, একটা ‘পারফেক্ট’ ঘরের চেয়ে একটা ‘হ্যাপি’ ঘর অনেক বেশি জরুরি।
আরো দেখুনঃ
Chuti Residence
A dialogue of brick, light, and memories.
অপরাহ্ণ
A Dialogue of Nostalgia & Modernity in the Delta.
Architecture vs. "Decoration"
The Silent Crisis in Our Industry